জাতীয় ডেস্ক
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন দেশে যেন কোনোভাবেই স্বৈরাচারের পুনরুত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এগুলো প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়া হবে এবং আগামী তিন বছরের মধ্যে দেশের প্রায় সব নাগরিকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি ও টেকসই সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার ওপর জোর দিয়ে এ সব কার্যক্রম সফল করতে সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
মেলা উদ্বোধনের পাশাপাশি মন্ত্রী নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের মেরামত ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


