শান্তির জন্য দর্শন: ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

শান্তির জন্য দর্শন: ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (বিপিএস) ও মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এই বৈশ্বিক সম্মেলনের সূচনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, নীতিপ্রণেতা এবং চিন্তাবিদরা উপস্থিত থেকে মানবিক ও নৈতিক মূল্যবোধনির্ভর সমাজ গঠনে দর্শন চর্চার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় সর্বস্তরে দর্শন চর্চার প্রসার ঘটানো প্রয়োজন। কেবল প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতিই একটি সমাজকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না, বরং একটি সমৃদ্ধ রাষ্ট্র ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিজ্ঞানের পাশাপাশি দর্শনের নৈতিক চেতনা ধারণ করা অপরিহার্য।

বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তাঁর বক্তব্যে বলেন, দর্শন মানুষকে প্রকৃত মানবিক সত্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। বর্তমান অস্থির বিশ্ব বাস্তবতায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে একটি সমন্বিত, মানবিক ও সর্বজনীন দর্শনের চর্চা বেগবান করা প্রয়োজন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি জলবায়ু সংকট ও বৈশ্বিক বিশৃঙ্খলা মোকাবিলায় মানবিক মূল্যবোধের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি যখন দর্শনের নৈতিক শিক্ষা চর্চা করা হবে, তখনই বিশ্বে প্রকৃত শান্তি নিশ্চিত সম্ভব।

উদ্বোধনী পর্বে অন্যান্য বিশেষ অতিথির মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। উচ্চশিক্ষার ক্ষেত্রে দর্শন শিক্ষার প্রসার এবং জাতীয় জীবনে এর প্রয়োগ নিয়ে শিক্ষাবিদগণ মূল্যবান মতামত তুলে ধরেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামান এবং মোহাম্মদী কাফেলার প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিপিএস-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।

দর্শনের এই আন্তর্জাতিক আসরটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও জি এম বায়োজিদ ইসলাম। দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে মোট পাঁচটি একাডেমিক অধিবেশন নির্ধারণ করা হয়েছে, যেখানে দেশ-বিদেশের গবেষক ও চিন্তাবিদগণ দর্শনের সমসাময়িক প্রাসঙ্গিকতা ও বিশ্বশান্তি নিয়ে মোট ৪৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনের শেষ দিনে একটি রূপরেখা ও সুপারিশমালা ঘোষণা করা হবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ