জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও গতিশীল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত

অর্থনীতি ডেস্ক

জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাসিক প্রশাসনিক ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। পুরো সভার মূল কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।

সভায় স্থানীয় সরকারের আওতাধীন জয়পুরহাট জেলার সার্বিক উন্নয়ন অবকাঠামো এবং প্রশাসনিক নানা ইস্যু অগ্রাধিকার লাভ করে। বিশেষ করে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বাজেট বরাদ্দ অনুমোদন ও বণ্টন, ঠিকাদারি লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং তদারকি বৃদ্ধি নিয়ে বিষদ আলোচনা করা হয়। এছাড়া জেলার অন্যতম বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা পাঁচুর মোড়ে একটি আধুনিক মার্কেট নির্মাণের প্রয়োজনীয়তা ও প্রাথমিক নকশা নিয়ে আলোকপাত করা হয়। একই সাথে বর্তমানে জেলা জুড়ে চলমান বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের বর্তমান অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সময়মতো কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এবং আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান। এছাড়াও জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এতে অংশ নেন।

প্রশাসনিক পর্যায় থেকে জানা যায়, এই ধরনের সমন্বয় সভা জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং বিভিন্ন দপ্তরের কাজের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের মান ধরে রেখে কাজ সম্পন্ন করার বিষয়ে সভায় একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়। একই সঙ্গে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়।

সভা শেষে সভাপতির বক্তব্যে জয়পুরহাট জেলার সার্বিক জনকল্যাণ ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড আরও বেশি গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের প্রতি পারস্পরিক সমন্বয় বজায় রেখে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। স্থানীয় পর্যায়ে অবকাঠামোগত অগ্রগতি হলে তার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ