জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াসের ফল: রুহুল কবির রিজভী

জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াসের ফল: রুহুল কবির রিজভী

রাজনীতি ডেস্ক

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একক কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, বরং এটি ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রয়াসের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীতে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) শাখার উদ্যোগে আয়োজিত ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব প্রাথমিকভাবে কোটাবিরোধী আন্দোলন হিসেবে শুরু হলেও পরবর্তীতে তা এক দফার গণ-আন্দোলনে রূপ নেয়। এই চূড়ান্ত বহিঃপ্রকাশের পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলনের পটভূমি বিদ্যমান। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই প্রতিটি কর্মসূচিতে দলীয়ভাবে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল। বিগত সরকারের শাসনকালে নাগরিক অধিকার হরণ এবং রাজনৈতিক নিপীড়নের চিত্র তুলে ধরে তিনি গণতান্ত্রিক পরিবেশ ও বাকস্বাধীনতা পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নার্সদের সমাজসেবামূলক ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, পেশাগত চিকিৎসাসেবায় নার্সরা মানবতার প্রথম সারির সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান সরকার নার্সিং খাতের যেকোনো যৌক্তিক দাবি ও সমস্যা নিরসনে সচেষ্ট থাকবে।

ন্যাব বিএমইউ শাখার সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে এবং মহাসচিব সুজন মিয়ার সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং সহ-সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা খাতুন।

রাজনীতি শীর্ষ সংবাদ