প্রশাসন ডেস্ক
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা ও বিভিন্ন প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য সম্মান নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে। বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রীয় প্রটোকল কাঠামো যথাযথভাবে মেনে চলার তাগিদ দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, সরকারি অনুষ্ঠানসমূহে আসন বিন্যাস, আনুষ্ঠানিক চিঠিপত্র ও নিমন্ত্রণপত্রে নামের ক্রম নির্ধারণসহ সব ক্ষেত্রে নির্ধারিত অগ্রাধিকার তালিকা অনুসরণ করতে হবে। এর মাধ্যমে জেলা পর্যায়ে দায়িত্ব পালনকারী জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্ত মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানায়, সরকারি কার্যক্রমে রাষ্ট্রীয় অগ্রাধিকার তালিকার প্রয়োগ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। জেলা পর্যায়ে স্থানীয় সরকারের প্রতিনিধি ও মাঠ প্রশাসনের মধ্যে প্রটোকল সংক্রান্ত শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাঠ পর্যায়ে সরকারি অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে আসন বিন্যাসজনিত বিভ্রান্তি দূর হবে।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা পরিষদ প্রশাসক ও চেয়ারম্যান, পুলিশ কমিশনার এবং স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিবসহ ১১টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এই নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে।


