ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকৃত কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘কৃষক কার্ড’- সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী ছবি ও কিউআর কোড-সংবলিত আধুনিক কৃষক কার্ড প্রস্তুতের ওপর জোর দিয়েছেন। এই কার্ডে কৃষকের মৌলিক পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি খাতে সরকারের দেওয়া ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রাতিষ্ঠানিক প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা সরাসরি ও দ্রুততম সময়ে প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যে এ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কাজ শুরু হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব জানান, প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে।

চলতি অর্থবছরে দেশের ৪৩ লাখ কৃষককে এই কার্ড সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আগামী তিন বছরের মধ্যে দেশের আনুমানিক দুই কোটি কৃষককে এই সার্বিক সেবা কাঠামোর অধীনে নিয়ে আসার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে সরকারের।

সভায় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দুগ্ধ সমবায় ইউনিয়নের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ