জাতীয় ডেস্ক
দেশের জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত দক্ষতা বৃদ্ধিতে সাভারে নির্মিত ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুততম সময়ে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের নিবিড় ব্যবস্থাপনা প্রশিক্ষণ দেওয়ার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানকে (নিপসম) প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কেবল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক পদায়ন করলেই কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়, বরং প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের পেশাগত ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান অত্যন্ত জরুরি। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই দক্ষতা বৃদ্ধি কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
দেশের সার্বিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী ঘোষণা করেন, দেশের সব ৩০ ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্য ব্যবস্থার প্রধান ভিত্তি হিসেবে গণ্য করে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।
জনস্বাস্থ্য সম্পর্কিত তথ্যের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, কেবল জাতীয় পর্যায়ে নয়, মাঠপর্যায়ে প্রতিদিন যে বিপুল পরিমাণ তথ্য সংগৃহীত হয়, তা বিশ্লেষণ করে উপজেলা পর্যায়ে স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
পাবলিক মেডিকেল কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে নিপসমকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তিন থেকে ছয় মাসের মেন্টরিং দেওয়া হলে দেশে উচ্চমানের জনস্বাস্থ্য গবেষক তৈরি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


