জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জাতীয় ডেস্ক
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক এই স্মারক সংবর্ধনা অনুষ্ঠানে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য তুলে ধরেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বৈষম্যহীন সমাজ গঠন এবং ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল এই অভ্যুত্থানের মূল চালিকাশক্তি। এটি কেবল একটি রাজনৈতিক রূপান্তর নয়, বরং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার জাতীয় ঐক্যের প্রতীক।
বক্তব্যে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বর্তমান সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এবং ‘থ্রি আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) রূপরেখার সার্বিক অগ্রগতি তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন যে, অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যেই এই তিন স্তরবিশিষ্ট কৌশল বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে কূটনৈতিক অবস্থান জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে জাতিসংঘ সনদের মূলনীতি, বিশ্বশান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বহুপাক্ষিক কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও আন্তর্জাতিক তাৎপর্য নির্ভর একটি তথ্যচিত্র প্রদর্শনী। প্রামাণ্যচিত্রে আন্দোলনের মূল ঘটনাবলী এবং তা কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক ধারাকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে, তা বিস্তারিত তুলে ধরা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা তথ্যচিত্রটির ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় সংহতি প্রকাশ করেন।
জাতীয় শীর্ষ সংবাদ