জাতীয় ডেস্ক
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে এ তফসিল প্রকাশ করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। জমা পড়া মনোনয়নপত্র ১৬ আগস্ট যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে, নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। কমিশন সদস্য আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি।
আইন অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্মকর্তা বা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন প্রশাসনিক ও কারিগরি সকল প্রস্তুতি গ্রহণ করছে।


