বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে টেকসই ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে টেকসই ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়া ১০০টি পরিবারের পুনর্বাসনে সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর হস্তান্তর করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম ও কক্সবাজার সফরকালে বাঁশখালীতে আয়োজিত এক জনসভা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে এসব ঘরের চাবি তুলে দেওয়া হবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইতোমধ্যে ঘরগুলোর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। গৃহহারা এসব পরিবারকে পুনর্বাসিত করতে বাঁশখালী পৌরসভা এবং উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটিতে ১০টি করে মোট ১০০টি অসচ্ছল পরিবারকে চিহ্নিত করা হয়েছে। যাদের নিজস্ব উদ্যোগে বাড়ি পুনর্নির্মাণের আর্থিক সক্ষমতা নেই, অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার ঝুঁকি বিবেচনায় রেখে গৃহগুলো আধুনিক ও টেকসই কাঠামোয় তৈরি করা হয়েছে। ১৮ ফুট দৈর্ঘ্য এবং ১২ ফুট প্রস্থের প্রতিটি ঘরে আরসিসি পিলার, শক্ত কাঠ এবং মানসম্মত টিন ব্যবহার করা হয়েছে। প্রতিটি বসতঘরে দুটি করে কক্ষ এবং তার সাথে একটি ৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের সংযুক্ত শৌচাগার রয়েছে। দুর্যোগ সহনীয় এসব কাঠামো ভবিষ্যতে পাহাড়ি ঢল ও জলচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে পরিবারগুলোকে সুরক্ষা দেবে।
প্রধানমন্ত্রীর এই সফর ও আশ্রয়ণ কার্যক্রমকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন অনুষ্ঠানস্থলে ব্যাপক প্রস্তুতি চলছে। প্রস্তুতি পর্ব ও নির্মাণাধীন ঘরগুলোর সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বাহারছড়ার জনসভাস্থল, মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোর তদারকি করেন।
তদারকি শেষে জেলা প্রশাসক জানান, ঘরগুলোর কাঠামোগত স্থায়িত্ব ও কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও তদারককারী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রীর সফর ও পুনর্বাসন হস্তান্তর অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে জেলা প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে।
জাতীয় শীর্ষ সংবাদ