রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ কর্মী আটক

রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭ কর্মী আটক

অপরাধ ডেস্ক
রাজধানীর বনানী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা ও মশাল মিছিল বের করার চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেস মাস্ক জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং লেনে অভিযান চালিয়ে তাদের আটক করে বনানী থানা-পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ১০০ থেকে ১২০ জনের একটি দল অবৈধ মশাল মিছিল বের করার লক্ষ্যে সংগঠিত হচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) এবং আশিক আহমেদ মোস্তফা (১৯)। অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে এর পাশাপাশি চারজন অপ্রাপ্তবয়স্ক কিশোরকেও আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে গোপন পরিকল্পনা বাস্তবায়নে এ মিছিলের আয়োজন করা হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পলাতক সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
আইন আদালত শীর্ষ সংবাদ