প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপানসহ আসন্ন বিদেশি সফরগুলোর তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংশ্লিষ্ট কূটনৈতিক আলোচনা শেষে সফরগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের শীর্ষ পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হলে অনেক অমীমাংসিত জটিলতা সমাধানের পথ সুগম হয়। বর্তমান প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান করার একটি নতুন সুযোগ তৈরি হয়েছে। ভারতের উচিত এ সুযোগকে কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর ইতিবাচক সমাধান করা।
একই সাথে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত জাপান সফর সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি জানান, সফরের সুনির্দিষ্ট দিনক্ষণ দুই দেশের পারস্পরিক সম্মতি ও সুবিধার ভিত্তিতে নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী বর্তমানে অভ্যন্তরীণ নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত সময় পার করছেন। ফলে ভারত কিংবা জাপান—কোনো সফরের সিডিউলই এখনো চূড়ান্ত রূপ পায়নি।
সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর সফরের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সিঙ্গাপুরে সরকারি পর্যায়ে জনশক্তি রপ্তানির বিষয়ে অত্যন্ত সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগে সিঙ্গাপুর ইতিবাচক সাড়া দিয়েছে। এ ছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। সফরকালে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের একটি উন্নত প্রযুক্তিগত প্রজেক্ট পরিদর্শন করা হয়েছে, যা ভবিষ্যতে বাংলাদেশে বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
জাতীয় শীর্ষ সংবাদ