ক্রীড়াবিদদের পেশাগত সুরক্ষা ও ক্রীড়া খাতকে এগিয়ে নিতে নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে সরকার

ক্রীড়াবিদদের পেশাগত সুরক্ষা ও ক্রীড়া খাতকে এগিয়ে নিতে নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ নিয়েছে সরকার

জাতীয় ডেস্ক
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ক্রীড়াবিদদের অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এ কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মবিশ্বাস গঠনে খেলাধুলা একটি অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী মাধ্যম। সরকার কেবল পেশাদার ক্রীড়াতেই সীমাবদ্ধ নয়, বরং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চা উৎসাহিত করতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আধুনিক খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রান্তিক পর্যায়ের তরুণ প্রজন্ম নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পায়।
মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো যুগান্তকারী কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খুদে খেলোয়াড়দের খুঁজে বের করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিভাবানরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে দেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে কিকবক্সিং খেলাটিকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ দাবি জানানো হয়। মন্ত্রী এই যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করে কিকবক্সিংয়ের প্রসার ও উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও প্রশাসনিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
খেলোয়াড়দের পেশাগত মানোন্নয়ন এবং খেলাধুলার কাঠামোগত সংস্কারের এই পদক্ষেপে দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কিকবক্সিং চ্যাম্পিয়নশিপের এই উদ্বোধনী আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রখ্যাত ক্রীড়াবিদ, প্রশিক্ষক, রেফারি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
জাতীয় শীর্ষ সংবাদ