যুক্তরাষ্ট্রের শুল্ক অব্যাহতি চেয়ে ট্রাম্পকে আলবানিজের অনুরোধ

যুক্তরাষ্ট্রের শুল্ক অব্যাহতি চেয়ে ট্রাম্পকে আলবানিজের অনুরোধ

অর্থ বাণিজ্য ডেস্ক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গত মাসে দেশটির ওপর আরোপ করা শুল্ক থেকে অব্যাহতি পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। সিডনি থেকে এএফপির পাঠানো খবরে বলা হয়, গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে আলবানিজ এই তথ্য জানান।
আলবানিজ সাংবাদিকদের জানান, তিনি মার্কিন প্রেসিডেন্টকে পুরোপুরি শুল্ক প্রত্যাহার অথবা অন্তত শুল্ক আর না বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন। এর আগে জোরপূর্বক শ্রম সংক্রান্ত উদ্বেগের কথা উল্লেখ করে গত মাসে অস্ট্রেলিয়ার ওপর ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। একই সঙ্গে আরও ৫৯টি দেশের ওপরও অনুরূপ শুল্ক আরোপ করা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনকে ‘উষ্ণ ও ফলপ্রসূ’ হিসেবে উল্লেখ করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জানান, প্রেসিডেন্ট ট্রাম্প অস্ট্রেলিয়াকে শুল্ক অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা করতে সম্মত হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র হিসেবে অস্ট্রেলিয়ার কৌশলগত ও অর্থনৈতিক অবস্থানটি বিবেচনা করার জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার অর্থনৈতিক নীতির বিষয়ে আলবানিজ বলেন, সরকারের অবস্থান হলো শুল্ক আরোপ কেবল রপ্তানিকারক দেশের ওপর নয়, বরং যে দেশ শুল্ক আরোপ করে তাদের অর্থনীতিতেও বাড়তি ব্যয়ের সৃষ্টি করে। অস্ট্রেলিয়া সর্বদা অবাধ ও ন্যায্য আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে অবস্থান করে আসছে।
সংবাদ সম্মেলনে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুও স্থান পায়। দুই নেতা এ সময় নিরাপত্তা অংশীদারত্ব চুক্তি অকাসের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এই চুক্তির বিধান অনুযায়ী, আগামী ১৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অন্তত তিনটি ভার্জিনিয়া-শ্রেণির পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।
এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতের বিষয়টিও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান আলবানিজ। তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটানোর ওপর জোর দেন এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া উচিত নয়— এমন কড়া বার্তা পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক ভূ-রাজনীতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করার ক্ষেত্রে দুই দেশের মিত্রতা দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ