জাতীয় ডেস্ক
খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসনের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অর্জিত সাফল্যের অংশীদার অনেকেই হলেও লড়াইয়ের মাঠে তাকে একা লড়তেও হয়েছে। তবে তিনি কাউকে পরোয়া না করে সবাইকে আপন করে নিয়েছেন, সবার ত্রুটি ক্ষমা করেছেন এবং যথাযথ মর্যাদায় আসীন করেছেন। বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা ও সুপরামর্শ দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সঞ্চালনা দায়িত্ব পালন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। মোনাজাতে দলের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


