বিনোদন ডেস্ক
থাইল্যান্ডে শুটিংকালে দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। শারীরিক এই বিরতির মধ্যেও তার পেশাগত কার্যক্রমে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বেশ কয়েকটি কাজ দর্শক মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
তার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ মুক্তির পর অল্প সময়ে ইউটিউবে ১ কোটি ২০ লাখ ভিউ অতিক্রম করেছে। নাটকের এই সাফল্য অভিনেতার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তার নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর প্রচারের তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির নতুন পর্ব প্রচারিত হবে। এতে ‘আদিল’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। পারিবারিক সম্পর্ক ও বাস্তব জীবনের অভিজ্ঞতানির্ভর এই গল্পটি দর্শকদের আকৃষ্ট করবে বলে আশাবাদী নির্মাতা ও অভিনেতা।
এর বাইরেও সম্প্রতি আরটিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান জুটির নতুন নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্প এবং সুব্রত সঞ্জীবের পরিচালনায় নির্মিত এই কাজটি প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করেছে। এর আগে এই জুটি ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’সহ একাধিক সফল নাটকে একসঙ্গে কাজ করেছেন।
সাময়িক শারীরিক জটিলতার কারণে বিশ্রামে থাকলেও কাজের স্বীকৃতি ও নতুন প্রজেক্টের ব্যস্ততায় খায়রুল বাসারের ক্যারিয়ারে ইতিবাচক গতি বজায় রয়েছে।


