অপরাধ ডেস্ক
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার চারজন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার সংলগ্ন ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরিত হওয়া ওই হাতবোমার স্প্লিন্টার এবং আঘাতে চার শিশু শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীরা হলো—আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) এবং মাইমুনা (৯)। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার আকস্মিকতায় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও বসতঘরের মালিক ইমন সরদার জানান, তার ঘরের সামনে কীভাবে এই বোমাটি বিস্ফোরিত হয়েছে বা কে বা কারা এটি সেখানে রেখেছিল, সে বিষয়ে তার কোনো ধারণা নেই।
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, পাঠদান চলাকালীন বা প্রাঙ্গণে হঠাৎ করেই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পর পরই পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ কী এবং হাতবোমাটি কীভাবে বা কার মাধ্যমে ওই মাদ্রাসাপ্রাঙ্গণে এলো, তা উদ্ঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।


