সারাদেশ ডেস্ক
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে আল আরাবি (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আল আরাবি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামের শাহিন হোসেনের ছেলে। সে পরিবারের সঙ্গে জেলা শহরের মডার্ন মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার পর থেকেই আল আরাবি নিখোঁজ ছিল। নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে সদর উপজেলা পরিষদের পুকুরপাড়ে কিশোরটির ব্যবহৃত স্কুলব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর ডুবুরি দল পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় আরাবিকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ জানায়, পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


