রাজধানীতে রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজধানীতে রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শিক্ষা ডেস্ক

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকার হেয়ার রোডে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, দেড়শো বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। প্রতিষ্ঠানটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন করেছে এবং বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করেছে।

মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে এই মিলনমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশ ও বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি মহাদেশভিত্তিক অ্যালামনাই কমিটি গঠনের প্রস্তাব দেন। এছাড়া, দেড়শত বর্ষপূর্তি স্মরণে একটি নতুন ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা এবং সরকারের সহায়তায় ক্যাম্পাসে আধুনিক বহুতল ভবন, অডিটোরিয়াম, আবাসন সুবিধা ও খেলার মাঠ উন্নয়নের প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস. এম. জহুরুল ইসলাম। সভায় কলেজের অতীত ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতীয় শীর্ষ সংবাদ