জাতীয় ডেস্ক
গণতান্ত্রিক অভিযাত্রার ছয় মাস পূর্তি উপলক্ষে সরকারের বিশেষ অর্জন নিয়ে প্রকাশিত ‘আই হ্যাভ এ প্ল্যান: গণতান্ত্রিক অভিযাত্রার ৬ মাস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজমের তীব্র সমালোচনা করেন এবং তা সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।
ব্রিফিংয়ে গণমাধ্যমের স্বাধীন ভূমিকার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম বুদ্ধিবৃত্তিক চিন্তা-চেতনায় ফ্যাসিজমকে সমর্থন, প্রমোট বা চর্চা করে, তাদের সামাজিকভাবে ধিক্কার ও বয়কট করা ছাড়া উপায় থাকে না। যারা মুক্ত ও স্বাধীন বাংলাদেশের চেতনায় বিশ্বাস করে না, সামাজিকভাবে বয়কট হওয়াই তাদের জন্য সবচেয়ে বড় বিচার বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র বিশ্বাস করা একটি মানসিকতার বিষয় এবং বর্তমান সরকারের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা নেই।
বিগত শাসনামলের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, বিগত ১৭ বছরে দেশের প্রায় সব সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। একটি ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে বর্তমান সরকার দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে সরকারের ভুলত্রুটি শুধরে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য সংবাদমাধ্যমের পক্ষ থেকে বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। তবে জুলাই আন্দোলনসহ বিগত সময়ের সব অপরাধের ন্যায়বিচারের স্বার্থে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এছাড়া সংবাদপত্রের ভুয়া প্রচারসংখ্যা বন্ধের বিষয়ে তথ্যমন্ত্রী জানান, কম পত্রিকা ছাপিয়ে অতিরিক্ত সার্কুলেশন দেখানোর অসত্য প্রক্রিয়া রোধে মন্ত্রণালয় ইতোমধ্যে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে।
ব্রিফিংয়ে উপস্থিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের সমালোচনা করার স্বাধীনতা সকলেরই রয়েছে এবং জনগণের মতামত তুলে ধরাই প্রকৃত গণতন্ত্র। সরকারি গণমাধ্যমেও এখন থেকে আনুপাতিক হারে বিরোধী দলগুলোর সংবাদ প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় সাংবাদিকদের কল্যাণে ট্রাস্ট ফান্ডের অনুদান দ্বিগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের অনুকূলে এক কোটি টাকা হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের রূপরেখা তুলে ধরার মাধ্যমে ব্রিফিংটি সম্পন্ন হয়।


