স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়: সৌদি আরব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নয়: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না বলে জানিয়েছে সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পারমাণবিক সহযোগিতার শর্ত হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রিয়াদ তা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার বহুকাঙ্ক্ষিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সৌদি আরব ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন না করলে এই পারমাণবিক সহায়তা চুক্তি কার্যকর হবে না। এর আগে উভয় দেশের জ্বালানি মন্ত্রীদের মধ্যে এ বিষয়ে একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আমেরিকার পক্ষ থেকে নতুন এই শর্ত জুড়ে দেওয়ার পর রিয়াদের পক্ষ থেকে এই কঠোর প্রতিক্রিয়া জানানো হলো।
সৌদি আরবের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে, ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে রিয়াদের দীর্ঘমেয়াদি অবস্থান সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সুযোগ নেই। রিয়াদ মনে করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তির উন্নয়ন সংক্রান্ত সহযোগিতা একটি দ্বিপক্ষীয় কৌশলগত ও বাণিজ্যিক বিষয়। সুতরাং, এর সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতির শর্ত যুক্ত করা সম্পূর্ণ অযৌক্তিক ও অনভিপ্রেত।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক ভূ-রাজনীতিতে ফিলিস্তিন ইস্যুটিকে সৌদি আরব বরাবরই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আব্রাহাম অ্যাকর্ড বা আঞ্চলিক চুক্তির আওতায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ থাকলেও, ফিলিস্তিনের জনগণের নায্য অধিকার নিশ্চিত না করে রিয়াদ যে নিজেদের অবস্থান থেকে একচুলও নড়বে না, এই ঘোষণায় তা আবারও স্পষ্ট হলো।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ