ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী

ঢাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী

রাজধানী ডেস্ক
গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সব মহলের সমন্বিত উদ্যোগ জরুরি।
সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তারের সঙ্গে সঙ্গে সমাজে অপরাধপ্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সময়ের একটি বড় উদ্বেগের বিষয় হলো কিশোর গ্যাংয়ের বিস্তার। অতীতে এ ধরনের অপরাধমূলক সংস্কৃতির বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।
পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। নদী দূষণ রোধ, যথাযথ শিল্পবর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় ঢাকা জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কার্যক্রম এবং চলমান চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন এবং প্রিতিমন্ত্রীর নির্দেশনার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
রাজধানী শীর্ষ সংবাদ