আসন্ন প্রজ্ঞাপনের মধ্য দিয়ে চূড়ান্ত হচ্ছে নবম জাতীয় পে স্কেল-২০২৬ এর বাস্তবায়ন প্রক্রিয়া

আসন্ন প্রজ্ঞাপনের মধ্য দিয়ে চূড়ান্ত হচ্ছে নবম জাতীয় পে স্কেল-২০২৬ এর বাস্তবায়ন প্রক্রিয়া

অর্থ বাণিজ্য ডেস্ক
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল-২০২৬ এর গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর এই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সম্প্রতি মন্ত্রিসভায় নবম জাতীয় পে স্কেল অনুমোদন পাওয়ার পর থেকেই সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চালুর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলের খসড়া ইতিমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং প্রয়োজনীয় এসআরও নম্বর প্রাপ্তির পরই চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। এর মধ্য দিয়ে সরকারি বেতন কাঠামোর একটি নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেলের প্রস্তাব অনুমোদিত হয়। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী গত বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা থাকলেও, নির্ধারিত প্রশাসনিক, আইনগত ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় বেশি লাগায় সম্ভাব্য তারিখ হিসেবে আগামী রবিবার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন জারির পর নবম পে স্কেলের বিভিন্ন বিধান ও রূপরেখা স্পষ্ট হবে। এরপর দেশের সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সরকারি দ্ফতরগুলোকে নতুন কাঠামো অনুযায়ী মূল বেতন নির্ধারণ (পে ফিক্সেশন), বিভিন্ন ভাতা সমন্বয় এবং আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। বিশেষ করে নতুন বেতন স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক বেতন কাঠামো কার্যকর করার ক্ষেত্রে নির্ধারিত প্রশাসনিক ধাপগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, রবিবারের প্রজ্ঞাপন প্রকাশের মধ্য দিয়ে কেবল নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক বাস্তবায়নই শুরু হবে না, বরং সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশারও অবসান ঘটবে। তবে প্রজ্ঞাপন জারির পর মাঠ পর্যায়ে সঠিকভাবে বেতন নির্ধারণ ও ভাতাদি সমন্বয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট দ্ফতরগুলোর তৎপরতা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ