জাতীয় ডেস্ক
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকারের অংশীদার। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান দায়িত্ব রয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তাদের উপস্থিতিতে সনাতনী সম্প্রদায়ের হাজারো ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা কোনো ধরনের অশুভ শক্তিকে কখনো প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা হলো মানবকল্যাণ, ন্যায়বিচার, পারস্পরিক সহমর্মিতা ও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া। মানুষের মৌলিক কল্যাণ নিশ্চিত করা গেলেই কেবল সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক কল্যাণ ত্বরান্বিত হবে। তিনি আরও যোগ করেন, ‘এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার।’ দীর্ঘকাল ধরে এ দেশের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে এবং আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখতে হবে।
পূর্বসূরিদের অবদানের কথা স্মরণ করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের পূর্বসূরিরা ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন। এখন আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক, বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। দেশের সব সম্প্রদায়ের মানুষ যদি ভালোবাসা, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকে, তবে দেশ ও জাতি বহুদূর এগিয়ে যাবে।
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে কিছু অসাধু ও সুযোগসন্ধানী মানুষ অতীতেও ছিল, এখনো রয়েছে। তবে দেশের আপামর জনসাধারণ সবসময় ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষেই অবস্থান করে। যেকোনো ধরনের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু ও শ্রী সঞ্জিত দেবনাথ। এ ছাড়া অনুষ্ঠানে কুমিল্লার সনাতনী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃষিমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।


