ইউক্রেন যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব নিয়ে ক্রেমলিনে পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের বৈঠক

ইউক্রেন যুদ্ধ অবসানের নতুন প্রস্তাব নিয়ে ক্রেমলিনে পুতিনের সঙ্গে ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ক্রেমলিনে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে ইউক্রেন সংঘাত নিরসনে মার্কিন নতুন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিন বর্তমান পরিস্থিতিকে জটিল উল্লেখ করে জানান, মার্কিন প্রতিনিধিদের সামনে তাদের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। আলোচনা চলাকালে রাজধানী কিয়েভে তিন দিনের জন্য ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত রাখার ঘোষণাকে স্বাগত জানিয়ে পুতিনকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। মস্কোয় সফল আলোচনা শেষে প্রতিনিধিদলটি ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধ সমাপ্তির একটি নতুন প্রস্তাব নিয়ে তার প্রতিনিধিরা মস্কো গেছেন। ক্রেমলিনের বৈঠকে পুতিন কূটনৈতিক যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শান্তি প্রতিষ্ঠার এই উদ্যোগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান। তবে পুতিন স্পষ্ট করেন যে, কেবল কিয়েভ বাদে ইউক্রেনের অন্য অঞ্চলে কোনো সামগ্রিক যুদ্ধবিরতিতে রাজি নয় মস্কো। তবে আলোচনা প্রক্রিয়ার সুরক্ষা ও মধ্যস্থতাকারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রুশ পক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, মার্কিন প্রতিনিধিদলের কিয়েভ সফরের আগে তাদের সঙ্গে তার ফোনালাপ হয়েছে এবং কিয়েভে পৌঁছানোর পর তাদের সঙ্গে গঠনমূলক আলোচনা হবে। মার্কিন প্রতিনিধিদের সফরকে কেন্দ্র করে মস্কোয় হামলা না চালানোর ঘোষণা দিয়েছে ইউক্রেন এবং রাশিয়ার কাছ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করছে কিয়েভ। এর আগে অঞ্চল দখল ও নিরাপত্তা গ্যারান্টিসংক্রান্ত মতভেদের কারণে যুদ্ধ অবসানের পূর্ববর্তী উদ্যোগগুলো অমীমাংসিত থেকে যায়। বর্তমান এই উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা যুদ্ধাবসানে কোনো স্থায়ী অগ্রগতি আনে কি না, সেটাই এখন দেখার বিষয়।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ