কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ স্কুলশিক্ষার্থীসহ নিহত ২৫

কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ স্কুলশিক্ষার্থীসহ নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি পাহাড়ি সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। স্থানীয় সময় গত শনিবার রাতে চা দাস কালদেইরাস এলাকা থেকে সাঁও ফিলিপে শহরে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোট ৩২ জন আরোহী নিয়ে বাসটি সাঁও ফিলিপে শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফোগো দ্বীপের একটি দুর্গম পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রায় ৩০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনার তীব্রতার কারণে ঘটনাস্থলেই বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং পাহাড়ি ভূপ্রকৃতির কারণে উদ্ধারকাজে মারাত্মক বেগ পেতে হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাব যান্ত্রিক ত্রুটি কিংবা পাহাড়ি ঢালু সড়কে অতিরিক্ত গতি বা নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফরেনসিক ও ট্রাফিক বিশেষজ্ঞরা কাজ শুরু করেছেন।
এই বড় ধরনের প্রাণহানির ঘটনায় দ্বীপরাষ্ট্রটিতে শোকের ছায়া নেমে এসেছে। কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস এই দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। এই দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের স্মরণে পুরো দেশে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় সরকারি ও আধাসরকারি সমস্ত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ