তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে করা সম্ভব। তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে সেটি ২০২৪ সালের ৫ আগস্ট তারা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে।

তিনি বলেন, পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে। কাজেই আসুন, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী তিন মাস আমরা ডেঙ্গু সমস্যার সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০ শতাংশ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ পারব।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী আনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সঙ্গে? এতগুলো মানুষ আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে?

উপস্থিত সবার উদ্দেশে তারেক রহমান বলেন, আমার সঙ্গে শুধু এই মাঠে আপনারাই দাঁড়িয়ে আছেন না, আমার সঙ্গে অনলাইনে প্রায় সবগুলো জেলা এখানে কানেক্টেড আছে। সেই জেলাগুলোতে আপনাদের মতো গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, পরিচ্ছন্নকর্মী, ভলেন্টিয়ারসহ সবাই আছে। সবার কাছে একটি সাহায্য দরকার আমার।

তিনি বলেন, বাংলাদেশের স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল, মাদ্রাসা ছাড়াও সারাদেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল, মাদ্রাসাসহ আড়াই কোটি। এবার আপনারা আমাকে বলেন, এতগুলো মানুষ আমরা যদি দেশকে পুনর্গঠন করতে চাই কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

জাতীয়