খেলার মাঠে হঠাৎ অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

রাজধানীতে ক্যাডেট কলেজের বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বন্ধু ও ব্যাচমেটদের সঙ্গে ফুটবল খেলছিলেন আশরাফুল আফসার। খেলার একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এরপর হাঁটু গেড়ে বসার সময় উপুড় হয়ে মাঠে পড়ে যান।

সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। কেউ বুকে চাপ দিতে থাকেন, আবার কেউ পানি ও মুখে বাতাস দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খেলার মাঠে আশরাফুল আফসারের অসুস্থ হয়ে পড়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আফসারের আকস্মিক মৃত্যুতে তার ব্যাচমেট ও বন্ধুদের মধ্যে শোক নেমে এসেছে।

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শনিবার দুপুরে জানাজা শেষে আফসারকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ড. আবদুল মঈন খান।

জাতীয়