পুরোনো ঝুড়ি, বালতি আর মগে গাছ লাগিয়ে কলোনির দেয়াল সাজিয়েছেন বাসিন্দারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে পুরোনো ঝুড়ি, বালতি ও মগে লাগানো হয়েছে নানা ধরনের গাছ।
কলোনির সবুজ পরিবেশের এমন ছবি প্রধানমন্ত্রী পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুকে পাঠান। সেই ছবি দেখে শুক্রবার সন্ধ্যায় কলোনিটি দেখতে যান মন্ত্রী।
সন্ধ্যা ছয়টার দিকে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনিতে গিয়ে বাসিন্দাদের এ উদ্যোগের প্রশংসা করেন তিনি। দেশের অন্য এলাকাতেও এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার কথা বলেন মন্ত্রী।
পরিদর্শনকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রধানমন্ত্রী তাকে কলোনিটির একটি ছবি পাঠিয়েছেন। ছোট একটি রাস্তা ও আশপাশের পরিবেশ সুন্দর করে রাখার উদ্যোগ তাকে মুগ্ধ করেছে।
মন্ত্রী বলেন, আবাসিক এলাকা পরিষ্কার রাখা, গাছ লাগানো ও পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। বাঁশবাড়ি কলোনির মতো উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
তিনি বলেন, এ উদ্যোগ ছড়িয়ে দিতে বিভিন্ন শহরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা হবে। কলোনিটির ছবিও অন্যদের দেখানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের কথা তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, দেশের মাটি ও আবহাওয়ার উপযোগী ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে।
তিনি বলেন, চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা থাকলেও তা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর আশা করা হচ্ছে। সারা বছরই গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ও বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
নাভি পিল্লাই: গণহত্যার বিচার ও দায়মুক্তির রাজনীতি
মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি
তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য
চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন

