তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

ভারত সফরে গিয়ে তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। নিজামুদ্দিন দরগাহ যাওয়ারও ইচ্ছা ছিল। কিন্তু মিলল না ভারতের সবুজ সংকেত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিকের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

চলতি বছর ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় প্রথমবারের মতো ‘এসসিও সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম' অনুষ্ঠিত হচ্ছে।

মুসাদিক মালিক এই ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ২০ নভেম্বর নয়াদিল্লিতে পৌঁছান। কিন্তু দিল্লিতে যাওয়ার পর তার ঘোরার পরিকল্পনায় বাধা দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

ঐতিহাসিক স্থান আগ্রার তাজমহল দর্শন থেকে শুরু করে দিল্লির ধর্মীয় স্থান নিজামুদ্দিন দরগায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের এই মন্ত্রী। কিন্তু সেই অনুমতি তাকে দেওয়া হয়নি।

ভারতীয় পত্রিকা এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) পাওয়া সাপেক্ষে তাজমহল পরিদর্শনের সম্ভাবনা এখনও থাকলেও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি পাননি পাকিস্তানি মন্ত্রী।

সরকারি সূত্রের বক্তব্য, এসসিও বৈঠকে যোগ দেওয়ার জন্যই ভারতে পদার্পণের অনুমতি দেওয়া হয়েছে তাকে। এর বাইরে অন্য কোনও জায়গায় যাওয়ার অনুমতি নেই।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

২০২৩ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এবারই কোনও পাকিস্তানি ফেডারেল মন্ত্রী প্রথম ভারত সফর করছেন।

তাছাড়া, ২০২৫ সালের মে মাসে কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক ব্যবস্থা 'অপারেশন সিঁদুর'-এর পর পাকিস্তানি কোনও মন্ত্রীর এটিই প্রথম সফর।

ভারত ২৮ অক্টোবর ঘোষণা করেছিল যে, প্রচলিত নিয়ম অনুসরণ করে পাকিস্তানসহ এসসিও -এর সব সদস্য দেশকেই আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মন্ত্রী মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

মালিক ভারতের পা রাখা থেকেই শুরু হয় বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, পেহেলগামে হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানে কী এমন পরিবর্তন হল যে, তাদের মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে?

তাছাড়া, সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে মুসাদ্দিকের আগের আক্রমণাত্মক মন্তব্যও তুলে ধরেছে বিরোধী শিবির। একটি অনুষ্ঠানে মুসাদ্দিক বলেছিলেন, “পাকিস্তানের পানিসম্পদে কেউ হাত দিলে তার হাত কেটে দেওয়া হবে।”

ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেই এই মন্তব্য করেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী।

সেই হুঁশিয়ারির পর দিল্লিতে পা দিয়েই তাজমহল দেখার আবদার করেছেন সেই পাক মন্ত্রীই। আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার সেই আবেদন নাকচ করে।

২০০১ সালে সাংহাইয়ে রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরঘিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের উদ্যোগে এসসিও গঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান পূর্ণ সদস্য হয়। ২০২৩ সালে এই সংগঠনে যোগ দেয় ইরান।

২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসসিও-এর সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

গত মাসেও পরবর্তী রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় যোগ দিতে ভারতের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরি ইসলামাবাদে গিয়েছিলেন।

সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১

রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

জাতীয়