সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়, যার আওতায় পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী ও বিদায়ী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন রেমিট্যান্স যোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বিদেশে জনশক্তি রফতানির সূচনা হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নামে পৃথক মন্ত্রণালয় গঠিত হয়। সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি রফতানি শুরু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যে আরও বলা হয়, দেশের প্রতিনিধিত্ব করে বিদেশে যাওয়া কর্মীদের মাধ্যমে তাদের নিজেদের ও পরিবারের সমৃদ্ধি ঘটবে এবং ভবিষ্যৎ বিনির্মাণ হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিদেশগামী কর্মীদের অভিনন্দন জানিয়ে বক্তা আশা প্রকাশ করেন, তাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে।

এরপর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় প্রথম শ্রমবাজারকেন্দ্রিক মালয়েশিয়া সফরের ফলেই এই বাজার আবার খুলেছে। এ ক্ষেত্রে মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রীসহ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি।

পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও নির্দেশনায় মালয়েশিয়াগামী কর্মীদের শুভেচ্ছা জানিয়ে সেখানে দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের মান-মর্যাদা বাড়ানোর আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়ান সরকারের সহযোগিতায় আবারও শ্রম রফতানি শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি মালয়েশিয়ান সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ– উভয়ের জন্যই লাভজনক হতো। সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান তিনি। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষাকে একটি বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে বাংলাদেশ হিসেবেই চিনবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, আপনাকে দিয়েই তারা বাংলাদেশকে বিচার করবে। আপনারা যে সব কোম্পানিতে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে কাজ করলে আপনাদের দেখাদেখি তারা আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত বোধ করবে এবং তাদের মনে আত্মবিশ্বাস জন্মাবে যে এই দেশের মানুষ ভালো মানুষ।

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একইসঙ্গে এই সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য শেষে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর এবং বিদায়ী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি আবারও মনে করিয়ে দেন, বিদেশের মাটিতে কর্মীদের কথাবার্তা, আচার-ব্যবহার ও কাজকর্মের ওপরই বাংলাদেশের ভাবমূর্তি জড়িত– তাই দেশের সম্মান বজায় রেখে নিয়মকানুন মেনে চলার চেষ্টা করতে হবে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/national/0633-20261126

জাতীয়