জাতীয় ডেস্ক
আগামী ১৩ নভেম্বরের রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্যাট্রোলিং বাড়ানো হয়েছে, কেপিআই (কী ইনফ্রাস্ট্রাকচার) স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং খোলা তেল বিক্রির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।
এসময়, উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো উচিত।” তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আমাদের সকল কার্যক্রম ১৩ তারিখের জন্য প্রস্তুত চলছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের নিরাপত্তা নিয়ে প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং নির্বাচনের প্রস্তুতির পর একটি মহড়া অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচির ব্যাপারে শক্ত অবস্থানে আছি। রাস্তার পাশে পেট্রোলসহ কোনো ধরনের জ্বালানি বিক্রি করা হবে না।”
এছাড়া, উপদেষ্টা ভৈরবসহ বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে রেলওয়ে এবং বাসে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, “এ ধরনের দুষ্কৃতিকারীদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “খোলা তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। এটি জনগণের নিরাপত্তার জন্য একটি জরুরি ব্যবস্থা, যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয়।” তিনি আরও বলেন, “আমরা সুনির্দিষ্টভাবে মনিটরিং করছি এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রোধ করতে প্রস্তুত আছি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসব প্রস্তুতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, সন্দেহভাজন কর্মকাণ্ড বা ব্যক্তিদের সম্পর্কে জনসাধারণকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা বাড়ছে, বিশেষ করে ১৩ নভেম্বরের রাজনৈতিক কর্মসূচি ঘিরে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।


