জাতীয় ডেস্ক
রাজধানীসহ দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
পূর্বঘোষণা ছাড়াই রমনা থানায় উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন এবং সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও আগমনের কারণ জিজ্ঞাসাবাদ করেন। এরপর তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা এবং থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী হাজতখানার ধারণক্ষমতা, পরিবেশ এবং সেখানে অবস্থানরতদের আইনি সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। হাজতিদের খাবারের মান এবং ওয়াশরুম ও ফ্যানের সুব্যবস্থা আছে কি না, তা যাচাই করেন। এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা ও মেস পরিদর্শন করে মানসম্মত জীবনযাত্রা নিশ্চিতের ওপর জোর দেন।
পরিদর্শনের একপর্যায়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানায় প্রভাব বিস্তারের চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, রাজনৈতিক দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা করলে তার দায়ভার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেই বহন করতে হবে। কোনো অবস্থায়ই পুলিশের প্রশাসনিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব বরদাশত করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে জানান, পুলিশ বাহিনীতে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতির স্থান নেই। দায়িত্ব পালনে অবহেলা কিংবা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। থানাকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন পুলিশের সেবা প্রদান প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অভ্যন্তরীণ স্বচ্ছতা বৃদ্ধির একটি বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। থানাগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করাই এই নির্দেশনার মূল লক্ষ্য। অবহেলা ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে পুলিশ বাহিনীকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ।


