জাতীয় ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ মে সকাল ৮টা পর্যন্ত গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ শিশু এবং হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৮৪ জন।
গত দুই মাসে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ৫৭ হাজার ৮৪৬ জন শিশু।
চলতি প্রাদুর্ভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। গত দুই মাসে মোট মৃত্যুর প্রায় অর্ধেকই রেকর্ড করা হয়েছে এই বিভাগে। ঢাকা বিভাগে এখন পর্যন্ত ২০০ শিশু মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৫৬৫ জন।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। সময়মতো টিকাদান এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না হলে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি বাড়ে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


