যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল

যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাহাড়ি অঞ্চলে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টিতে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে মার্কিন মেরিন কোরের একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গত শনিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে অঙ্গরাজ্যটির রিমরক লেকের নিকটবর্তী পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি আছড়ে পড়ার পরপরই স্থানীয় বনাঞ্চলে তীব্র দাবানলের সূত্রপাত হয়।

মার্কিন সামরিক বাহিনীর মেরিন কোরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি ‘এফ/এ-১৮ হরনেট’ মডেলের একটি যুদ্ধবিমান। এটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে অবস্থিত মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের ‘মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১, তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং’-এর অধীনে পরিচালিত হচ্ছিল। ওয়াশিংটনের সিয়াটল শহর থেকে প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে বিমানটির নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলার সময় এই বিপর্যয় ঘটে।

কর্মকর্তারা আরও জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্তে সেটির পাইলট জরুরি ইজেকশন প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদে বিমান থেকে বের হতে সক্ষম হন। মাটিতে অবতরণের পর তাকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

যুদ্ধবিমানটি পাহাড়ি বনাঞ্চলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায় এবং তা দ্রুত চারপাশের শুষ্ক এলাকায় ছড়িয়ে পড়ে দাবানলে রূপ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে নাচেস ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট ফায়ার সার্ভিসের বিশেষ অগ্নিনির্বাপণ দল এবং পানি ছিটানোর জন্য বিশেষ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই দাবানলে ঠিক কতটুকু বনভূমি বা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

ঠিক কী কারণে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি দুর্ঘটনার শিকার হলো, সে বিষয়ে মার্কিন সামরিক বাহিনী বা স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তা প্রাথমিক কোনো তথ্য প্রদান করেননি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল ছিল, তা খতিয়ে দেখতে সামরিক বাহিনীর পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর দুর্ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ