জাকাকে অধিনায়ক করে সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে চমক আমদুনি

জাকাকে অধিনায়ক করে সুইজারল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে চমক আমদুনি

খেলাধুলা ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইজারল্যান্ড। অভিজ্ঞ মিডফিল্ডার গ্রানিত জাকাকে অধিনায়ক করে ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বার্নলির ফরোয়ার্ড জেকি আমদুনি। এই দল ঘোষণার মধ্য দিয়ে টানা সপ্তম বারের মতো কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী তারকা ফুটবলার জাকা।

সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিনের ঘোষিত এই স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা পাঁচজন ফুটবলার অন্তর্ভুক্ত হয়েছেন, যার মধ্যে অন্যতম অধিনায়ক জাকা নিজেই। তবে পুরো স্কোয়াডের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে জেকি আমদুনির অন্তর্ভুক্তি। হাঁটুর ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর চোট থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এই ফরোয়ার্ড। চোটের কারণে চলতি মৌসুমে ক্লাবের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাত্র তিনটি ম্যাচে সংক্ষিপ্ত সময়ের জন্য মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি, যেখানে সব মিলিয়ে তার খেলার সময় ছিল মাত্র ৪৫ মিনিট।

আমদুনির শারীরিক অবস্থা নিয়ে কোচ মুরাত ইয়াকিন সংবাদমাধ্যমকে জানান, এই ফরোয়ার্ড এখনও শতভাগ ফিটনেস ফিরে পাননি। তবে জাতীয় দলে তার গুরুত্ব ও কার্যকারিতা বিবেচনা করেই তাকে স্কোয়াডে রাখা হয়েছে। দলের প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কোচ।

আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে সুইজারল্যান্ড বেশ ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে আসছে। বিগত তিনটি বিশ্বকাপ টুর্নামেন্টেই দলটি শেষ ১৬ বা নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এ ছাড়া শেষ দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও কোয়ার্টার-ফাইনালে খেলেছে সুইসরা। ধারাবাহিকতা বজায় রেখে আসন্ন বিশ্বকাপেও ভালো কিছু করাই এখন দলটির মূল লক্ষ্য।

এবারের বিশ্বকাপে সুইজারল্যান্ড খেলবে ‘বি’ গ্রুপে। আগামী ১৩ জুন সান ফ্রান্সিসকোতে কাতারের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুইসদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ১৮ জুন বসনিয়া-হার্জেগোভিনা এবং ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডার মুখোমুখি হবে তারা। মূল টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুইজারল্যান্ড। আগামী ৩১ মে জর্ডান এবং ৬ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মুরাত ইয়াকিনের শিষ্যরা।

ঘোষিত ২৬ সদস্যের সুইজারল্যান্ড স্কোয়াড:

গোলরক্ষক: গ্রেগর কোবেল (বরুশিয়া ডর্টমুন্ড), মারভিন কেলার (ইয়ং বয়েজ) ও ইভন মভোগো (লরিয়েন্ট)।

ডিফেন্ডার: রিকার্ডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), সিলভান উইডমার (মাইনৎস), ম্যানুয়েল আকানজি (ইন্টার মিলান), মিরো মুহেইম (হামবুর্গ), নিকো এলভেডি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), অরেলে আমেন্ডা (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), লুকা জাকেজ (স্টুটগার্ট) ও এরে কোমের্ট (ভ্যালেন্সিয়া)।

মিডফিল্ডার: ইয়োহান মানজাম্বি (ফ্রাইবুর্গ), গ্রানিট জাকা (সান্ডারল্যান্ড), রেমো ফ্রেউলার (বোলোগনা), ডেনিস জাকারিয়া (মোনাকো), আরডন জাশারি (এসি মিলান), মিশেল এবিশার (পিসা), ডিজিব্রিল সো (সেভিলা), ক্রিশ্চিয়ান ফাসনাখ (ইয়ং বয়েজ) ও ফ্যাবিয়ান রিডার (অগসবার্গ)।

ফরোয়ার্ড: নোয়া ওকাফোর (লিডস), ড্যান এনডয়ে (নটিংহাম ফরেস্ট), জেকি আমদোনি (বার্নলি), ব্রিল এম্বোলো (রেনেস), রুবেন ভার্গাস (সেভিলা) ও সেড্রিক ইটেন (ফর্তুনা ডুসেলডর্ফ)।

খেলাধূলা শীর্ষ সংবাদ