অপরাধ ডেস্ক
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী বগুড়াপাড়া এলাকার ধান ব্যবসায়ী রহমতুল্লাহ ঘোড়াঘাটের ইসলামী ব্যাংক শাখা থেকে দেড় লাখ টাকা উত্তোলন করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তাকে অনুসরণ করতে থাকে। আজাদ মোড় এলাকায় অটোরিকশার চালক কথা বলার অজুহাতে রহমতুল্লাহকে কাছে ডাকেন। তিনি কাছে যাওয়া মাত্রই চক্রের সদস্যরা তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে হাতেনাতে আটক করলেও চালকসহ বাকি দুইজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন— রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতিপাড়া গ্রামের শাকিল মিয়া (৩২), গাইবান্ধা সদরের শাহজাহান (৫২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামুরপুর গ্রামের মো. সুরুজ্জামান (৫৪)।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় তিন আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ধান ব্যবসায়ী রহমতুল্লাহ বাদী হয়ে তিন আটকসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি ছিনতাই চেষ্টার মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের অপরাধমূলক তৎপরতা রোধে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


