জাতীয় ডেস্ক
আসন্ন ঈদুল আজহা উদযাপন ও ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে দেশের বিভিন্ন বাস টার্মিনাল ও সড়ক পথে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হচ্ছে। গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করলেও এবারের ঈদুল আজাহায় তার সংখ্যা বাড়িয়ে ৬৯টি করা হচ্ছে। একই সঙ্গে মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য ডোপ টেস্ট ও বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
রবিবার দুপুরে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে আয়োজিত এক গণসচেতনতামূলক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, ঈদযাত্রায় নির্ধারিত টার্মিনালগুলো থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না। তবে মহাসড়কের মধ্যবর্তী স্থান থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে গাড়িতে উঠলে তা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে টার্মিনালের বাইরেও নজরদারি জোরদার করা হচ্ছে।
সম্প্রতি দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনার তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে মন্ত্রী উল্লেখ করেন, ওই দুর্ঘটনায় পরিবহনের যান্ত্রিক ত্রুটি এবং চালকের স্পষ্ট গাফিলতি ছিল। গণপরিবহনে এ ধরনের অবহেলা ও দুর্ঘটনা রোধে সরকার চালক ও চালকের সহযোগীদের আধুনিক প্রশিক্ষণের জন্য একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় দেশব্যাপী প্রায় ৬০ হাজার চালককে পেশাদার প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে এখন থেকে প্রতিটি গাড়ির চালক ও সহযোগীদের নিয়মিত ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) আওতাভুক্ত করা হবে। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি হ্রাসে বিশ্বব্যাংকের আর্থিক ও কারিগরি সহায়তায় সরকারের একটি দীর্ঘমেয়াদি প্রকল্পও বর্তমানে চলমান রয়েছে।
অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় নিহত ২৪ জনের পরিবারসহ রাজবাড়ী জেলার মোট ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুই কোটি ৫৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। সড়ক দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই আর্থিক সহায়তা।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। এছাড়া সড়ক পরিবহন খাতের অংশীজনদের পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে সড়ক নিরাপত্তা ও ঈদযাত্রার শৃঙ্খলা রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


