অর্থ ও বাণিজ্য ডেস্ক
বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ গাড়িচালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ট্যাক্সি কোম্পানি’। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই সাক্ষাৎকারের মাধ্যমে ১ হাজার ৫০০ জন চালক নির্বাচন করা হবে।
আজ রোববার (১৭ মে) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির এক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সচিব মো. মোখতার আহমেদ এবং দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতা প্রদান করা হবে। একই সাথে তিনি দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়েও কর্মীদের যথাযথ বেতন-ভাতা নিশ্চিত করার জন্য কোম্পানির প্রতি আহ্বান জানান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে চালকের পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের জন্য তিনি অনুরোধ করেন।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এই জনবলের মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি চালকদের পেশাগত দক্ষতা, সততা ও কঠোর পরিশ্রমের সুনামের কারণে নতুন নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যে পর্যায়ক্রমে মোট ৬ হাজার চালক নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসন ব্যয় হ্রাসের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য বাংলাদেশি চালকদের একটি বড় অংশকে ঋণগ্রস্ত হতে হয়। কর্মীদের আর্থিক সুরক্ষার কথা বিবেচনা করে তিনি মোট অভিবাসন ব্যয় কমিয়ে ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য সংশ্লিষ্ট অংশীজন ও রিক্রুটিং এজেন্সির প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত সংযুক্ত আরব আমিরাতে কর্মী পাঠানোর অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ‘আল আনাস ওভারসিজ’-এর প্রতিনিধিরা জানান, দুবাইয়ের শ্রমবাজারে বর্তমানে ভারী ও হালকা যানবাহনের চালকের পাশাপাশি ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদেরও ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিনিধি দল বাংলাদেশ থেকে এই সকল পদেও দক্ষ জনবল নিয়োগে তাদের আগ্রহের কথা প্রকাশ করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দুবাই ট্যাক্সি কোম্পানিতে এই বৃহৎ সংখ্যক চালক নিয়োগের ফলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির অবস্থান আরও সুসংহত হবে।


