নব্বই বছর পূর্তি উদযাপনে মোহামেডানের বৃহৎ পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও দল গঠনে জোর

নব্বই বছর পূর্তি উদযাপনে মোহামেডানের বৃহৎ পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন ও দল গঠনে জোর

ক্রীড়া ডেস্ক

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও শীর্ষ সমর্থকপুষ্ট ক্রীড়া সংগঠন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিষ্ঠার ৯০ বছর পূর্তি বর্ণাঢ্য আয়োজনে উদযাপনে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন, ফুটবল ও ক্রিকেটে শক্তিশালী দল গঠন এবং দেশব্যাপী ফ্যান ক্লাব নেটওয়ার্ক বিস্তৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১৯৩৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি চলতি বছর ৯০ বছরে পদার্পণ করছে। নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষে ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের জানান, সদস্য, প্রাক্তন খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে বড় পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রতিষ্ঠার সুনির্দিষ্ট তারিখ নথিভুক্ত না থাকায় অনুষ্ঠান আয়োজনের চূড়ান্ত সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

সভায় মতিঝিল ও সাভারে ক্লাবের নিজস্ব স্থায়ী সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় তিন দশক আগে মতিঝিলের আরামবাগে বর্তমান ক্লাব ভবন ও মাঠের জন্য নামমাত্র মূল্যে জমি বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের অবদানকে স্মরণ করে তাকে ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। মতিঝিল ক্লাব কমপ্লেক্সের উন্নয়নের পাশাপাশি সাভারে অবস্থিত ২৫ একর জায়গাতেও আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে নতুন কমিটি।

ফুটবল, ক্রিকেট ও হকি দেশের এই তিন প্রধান খেলায় মোহামেডানের ঐতিহ্যগত আধিপত্য রয়েছে। গত মৌসুমে দীর্ঘ ২২ বছরের খরা কাটিয়ে দেশের শীর্ষ ফুটবল লিগের শিরোপা জিতেছিল ক্লাবটি। চলমান মৌসুমে লিগে প্রত্যাশিত ফলাফল না এলেও ঐতিহ্য ধরে রাখতে আগামী মৌসুমে শীর্ষমানের ও প্রতিযোগিতাপূর্ণ দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ক্রিকেট দল গঠনে পরিচালনা পর্ষদের সদস্য মাসুদুজ্জামানের আর্থিক অবদান এবং দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির নেতৃত্বে গঠিত ফুটবল কমিটির মাধ্যমে আগামীতে শক্তিশালী স্কোয়াড প্রস্তুত করা হবে বলে বোর্ড সভায় আশা প্রকাশ করা হয়।

ঘরোয়া ফুটবলের আসন্ন ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ক্লাবের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। আগামী ১৯ মে নির্ধারিত ভেন্যু ‘কিংস অ্যারেনা’ অন্য একটি ক্লাবের নিজস্ব মাঠ হওয়ায় সেখানে খেলতে আপত্তি জানিয়েছে মোহামেডান। নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল আয়োজনের দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। বাফুফে সভাপতির বিদেশ সফর শেষে এ বিষয়ে একটি যৌক্তিক ও নিরপেক্ষ সিদ্ধান্ত আসবে বলে মোহামেডান কর্তৃপক্ষ আশাবাদী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী আলোচনা থাকলেও মোহামেডান এই প্রক্রিয়ায় সরাসরি কোনো পক্ষে জড়াচ্ছে না। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ও বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া জানান, মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানকে ক্লাবের পক্ষ থেকে কাউন্সিলর মনোনীত করা হয়েছে। এর বাইরে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ নির্বাচন বা সমসাময়িক রাজনীতি নিয়ে পরিচালনা পর্ষদের সভায় কোনো আলোচনা হয়নি।

সমর্থকগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইউরোপীয় ক্লাবগুলোর আদলে ‘মোহামেডান ফ্যান ক্লাব’ গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দেশব্যাপী ছড়িয়ে থাকা আঞ্চলিক মোহামেডান ক্লাবগুলোর সাংগঠনিক কাঠামো পুনর্গঠনে কাজ করবে কেন্দ্রীয় কমিটি। এছাড়া ব্র্যান্ড ভ্যালু ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে এখন থেকে ঢাকা মোহামেডানের পূর্বানুমতি ছাড়া দেশের কোথাও এই ক্লাবের নামে কোনো কমিটি বা শাখা গঠন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবগঠিত পরিচালনা পর্ষদের এই প্রথম আনুষ্ঠানিক সভায় মোট ১৬ জন পরিচালকের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনে মোহামেডান তার গৌরবময় অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন।

খেলাধূলা শীর্ষ সংবাদ