জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির যুক্তরাষ্ট্র সফর আগামী মাসে

জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির যুক্তরাষ্ট্র সফর আগামী মাসে

জাতীয় ডেস্ক

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ৫ম জাতিসংঘ পুলিশ প্রধান শীর্ষ সম্মেলনে (ইউএনসিওপিএস ২০২৬) যোগ দিতে আগামী মাসের প্রথম সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এই সরকারি সফরে তার সঙ্গী হচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আগামী ৫ থেকে ৮ জুন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সরকারের উচ্চপর্যায়ের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল এই সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন— পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আগামী ৭ থেকে ৮ জুলাই দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এর পূর্বপ্রস্তুতি, দ্বিপাক্ষিক বৈঠক এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণের অংশ হিসেবে প্রতিনিধিদলটি জুনের শুরুতেই দেশটিতে পৌঁছাবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান এবং আঞ্চলিক ও পেশাদার পুলিশিং সংস্থার শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা আভাস দিয়েছেন, এই সফরটি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক অপরাধ দমনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরকালে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক আইনশৃঙ্খলা সহযোগিতা জোরদার, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমন এবং সাইবার অপরাধের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে।

এ ছাড়া বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গৌরবময় অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। মিশনে বাংলাদেশি পুলিশ সদস্যদের অংশগ্রহণ আরও বৃদ্ধি এবং পেশাদারিত্ব জোরদার করার বিষয়ে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশের পুলিশ বাহিনীর সক্ষমতা, উন্নত প্রযুক্তিগত দক্ষতা এবং মাঠপর্যায়ের দীর্ঘ অভিজ্ঞতা বিশ্বমঞ্চে উপস্থাপন করা হবে।

এবারের সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতীয় ও জাতিসংঘ পুলিশিং ব্যবস্থার মধ্যকার সমন্বয়কে আরও সুসংহত করা। টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং সামষ্টিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশিং সক্ষমতার আধুনিকায়নের বিষয়ে সম্মেলনে দিকনির্দেশনামূলক আলোচনা হবে।

রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদারে সরকারের এই উচ্চপর্যায়ের যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। বিশেষ করে সাইবার অপরাধ দমনের মতো উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের নতুন দুয়ার উন্মোচিত হতে পারে।

জাতীয় শীর্ষ সংবাদ