শেখ হাসিনাকে আদালতে আত্মসমর্পণের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

শেখ হাসিনাকে আদালতে আত্মসমর্পণের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

জাতীয় ডেস্ক

শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর উচিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আত্মসমর্পণ করা।

বুধবার সকালে সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি বিদেশি গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থেই সবার আদালতের মুখোমুখি হওয়া উচিত। দেশের মানুষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আইনি প্রক্রিয়ায় জোর-জবরদস্তির কোনো সুযোগ নেই। আদালত যদি কাউকে বেকসুর খালাস দেন, তবে তা আইনানুযায়ী সম্পন্ন হবে।

এর আগে মন্ত্রী নির্মাণাধীন ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প ঘুরে দেখেন। তিনি জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ তৈরি করতে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। দেশে বিদ্যমান ১১ ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে প্যারা অলিম্পিকের মতো প্রতিযোগিতায় অংশ নেওয়ার উপযোগী করে গড়ে তুলতে উপজেলা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত প্রশিক্ষণের নেটওয়ার্ক তৈরি করা হবে।

প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত কোনো আসবাবপত্র বা সরঞ্জাম কেনাকাটা হয়নি। বর্তমানে কেবল ভবন নির্মাণের কাজ চলছে, যা সরকারি সংস্থা গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) সরাসরি সম্পাদন করছে। প্রকল্প পরিচালকের এককভাবে অর্থ খরচের কোনো এখতিয়ার নেই; অর্থ সরাসরি পিডব্লিউডিতে স্থানান্তরিত হচ্ছে। প্রকৌশলী ও স্থপতিদের সমন্বয়ে গঠিত দল কাজের গুণগত মান তদারকি করছে।

জাতীয় শীর্ষ সংবাদ