অবসর সুবিধা ও উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

অবসর সুবিধা ও উৎসব ভাতা শতভাগ করার আশ্বাস শিক্ষামন্ত্রীর

জাতীয় ডেস্ক

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধ এবং উৎসব ভাতা শতভাগে উন্নীত করার সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দেশের প্রায় ৬৫ হাজার শিক্ষক বর্তমানে অবসর সুবিধার অর্থ পাননি। এই সংকট নিরসনে বিশেষ থোক বরাদ্দ পাওয়া গেছে, যার মাধ্যমে আগামী জুলাই মাস থেকে ন্যূনতম ১ লাখ টাকা করে বকেয়া পরিশোধের কার্যক্রম শুরু হবে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বর্তমান উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে শতভাগে উন্নীত করার একটি আনুষ্ঠানিক প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে আরও ১০ শতাংশ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বাজেটের পর থেকে পর্যায়ক্রমে শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আইনি জটিলতা নিয়ে শিক্ষামন্ত্রী দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে বিভিন্ন আদালতে সর্বমোট ৮৩ হাজার ৫০০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৩২ হাজার ৫০০টি প্রধান শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত মামলা আদালতে স্থগিত থাকায় নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

এই আইনি অচলাবস্থা নিরসনে মন্ত্রণালয় ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেল এবং আইনমন্ত্রীর সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তি করে শূন্যপদগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই সরকারের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পাওনা দ্রুত পরিশোধের এই উদ্যোগকে স্বাগত জানান।

জাতীয় শীর্ষ সংবাদ