জাতীয় ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও ঢাকা বাইপাস সড়কের পাশে জমে থাকা বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার গোলাকান্দাইল গোলচত্বর এলাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন।
ঈদুল আজহার ছুটির সময়ে মহাসড়কের পাশে যত্রতত্র বর্জ্য ফেলার কারণে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টিগোচরে আসলে দ্রুত বর্জ্য অপসারণের নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত দুই দিন ধরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। পরিদর্শনের পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে বলেন, মহাসড়কের পাশে বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প-কারখানা এবং পৌরসভার উৎপাদিত বর্জ্য সুনির্দিষ্টভাবে ফেলার জন্য একটি আধুনিক ও পৃথক ল্যান্ডফিল স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সহায়তায় বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের আধুনিক প্রযুক্তিগত প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পাঞ্চল অধ্যুষিত রূপগঞ্জে টেকসই বর্জ্য ল্যান্ডফিল ও বর্জ্য-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-সিলেট মহাসড়কের পরিবেশগত সংকট দূর হবে এবং জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে।


