৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

৮০ বছরে পদার্পণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮০ বছর বয়সে পদার্পণ করেছেন। রবিবার (১৪ জুন) তাঁর জন্মদিন উপলক্ষে ওয়াশিংটনের হোয়াইট হাউজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মদিনের এ দিনটি হোয়াইট হাউজের দক্ষিণ লনে নির্মিত অস্থায়ী রিংয়ে একটি বক্সিং ম্যাচ উপভোগ করার মাধ্যমে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট। এ উদ্দেশ্যে সেখানে অস্থায়ী রিং ও গ্যালারি স্থাপন করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা এস্টেটসের এক বিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। শৈশবে অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের হওয়ার কারণে ১৩ বছর বয়সে তাঁকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠানো হয়। পরবর্তী সময়ে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে ট্রাম্প তাঁর পারিবারিক রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। ১৯৭১ সালে বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি এর নাম পরিবর্তন করে ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’ রাখেন। ম্যানহাটনে বিখ্যাত ‘ট্রাম্প টাওয়ার’ নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে তিনি আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ ছাড়া ‘দ্য অ্যাপ্রেন্টিস’ নামক একটি জনপ্রিয় রিয়েলিটি শো-এর উপস্থাপনা ও পরিচালনার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

ব্যবসায়িক সাফল্যের পর ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। ২০১৬ সালের নির্বাচনে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করে পুনরায় হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ নেন এই রিপাবলিকান নেতা।

Uncategorized