বিনোদন ডেস্ক
যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) নতুন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’-এর ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আলিয়া ভাট অভিনীত এই চলচ্চিত্রের একাধিক দৃশ্য এবং পোস্টার বিভিন্ন জনপ্রিয় আন্তর্জাতিক সিনেমা ও সিরিজ থেকে হুবহু নকল করার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। ট্রেলারে আলিয়ার অ্যাকশন দৃশ্য প্রশংসা পেলেও আন্তর্জাতিক পপ কালচারের সঙ্গে দৃশ্যগত হুবহু মিল নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা ও হতাশা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে অভিনেতা ববি দেওলের একটি দৃশ্য। ট্রেলারে দেখা যায়, ববি দেওলের চরিত্রটি একটি কাচঘেরা সুনিয়ন্ত্রিত কক্ষের বাইরে থেকে একটি শিশুকে পর্যবেক্ষণ করছেন এবং তার নাম রাখছেন ‘সীতা’। এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীসহ চলচ্চিত্র বিশ্লেষকদের দাবি, এই সম্পূর্ণ সিকোয়েন্সটি বিখ্যাত হলিউড সিরিজ ‘দ্য বয়েজ’-এর প্রধান খলনায়ক ‘হোমল্যান্ডার’-এর শৈশবের দৃশ্য থেকে ফ্রেম টু ফ্রেম কপি করা হয়েছে।
বিতর্কের মুখে পড়েছে ট্রেলারের একটি মূল অ্যাকশন দৃশ্যও। দৃশ্যে আলিয়া ভাটকে শূন্যে লাফিয়ে ববি দেওলের ওপর চড়াও হতে দেখা যায় এবং ববি তাকে মাঝপথেই গলা টিপে ধরে ফেলেন। নেটিজেনরা এই দৃশ্যটিকে বিখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর চূড়ান্ত মৌসুমের ‘নাইট কিং’-এর ওপর আর্য স্টার্কের আক্রমণের দৃশ্যের ‘সস্তা অনুকরণ’ বলে অভিহিত করেছেন। এর আগে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর সেটির সঙ্গে হলিউড ব্লকব্লাস্টার ‘ডিউন’-এর পোস্টারের মিল পাওয়া গিয়েছিল। এমনকি টিজার মুক্তির পরও ফরাসি অ্যাকশন থ্রিলার ‘লা ফেম নিকিতা’ এবং হলিউড ছবি ‘আমেরিকান স্নাইপার’-এর ভিজ্যুয়াল হুবহু অনুসরণের অভিযোগ উঠেছিল।
একাধিক আন্তর্জাতিক কাজ থেকে অনুপ্রাণিত বা সরাসরি দৃশ্য ধার করার এই প্রবণতা ভারতের বৃহত্তম প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইআরএফ-এর মৌলিকত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, বিশ্বমানের স্পাই ইউনিভার্স তৈরির ঘোষণা দিয়ে আন্তর্জাতিক কাজ থেকে ফ্রেম টু ফ্রেম দৃশ্য ধারণ করা বৈশ্বিক বাজারের পাশাপাশি স্থানীয় দর্শকদেরও হতাশ করেছে।
এই ব্যাপক সমালোচনার মধ্যেও ট্রেলারে অভিনেতা হৃতিক রোশনের উপস্থিতি এবং আলিয়ার নতুন অ্যাকশন অবতার ভক্তদের মাঝে উন্মাদনা ধরে রেখেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত পরিচালক শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ ছবিটি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটি অন্যতম বড় প্রজেক্ট। এতে আলিয়া ভাট ও ববি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অনিল কাপুর এবং শর্বরী। এটি আগামী ৩ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


