মোহাম্মদপুরে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে আটক ১০

মোহাম্মদপুরে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে আটক ১০

জাতীয় ও অপরাধ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে মিছিল ও বিক্ষোভ প্রদর্শনকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে মোহাম্মদপুর সরকারি কলেজ গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোহাম্মদপুর সরকারি কলেজ গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীরা আকস্মিক একটি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করতে সক্ষম হন। আটক ব্যক্তিরা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মী বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইন আদালত শীর্ষ সংবাদ