আইসিজের রায়কে স্বাগত ঢাকার, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ামনার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

রায় মেনে দ্রুততার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরুর আহ্বানও এসেছে ঢাকার তরফে।

বৃহস্পতিবার আইসিজের রায়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারের এমন অবস্থান জানান দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলাম।

হুমায়ুন কবির বলেন, “আইসিজে’র রায়কে আমরা স্বাগত জানাই এবং আমরা সন্তুষ্ট। আপনারা হয়ত দেখে থাকবেন, এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে।

“রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে। অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতের বিচার প্রক্রিয়ায় প্রথমবারের মতো এমনটা ঘটল।”

ক্ষতিপূরণের বিষয়ে রায় আসার কথা তুলে ধরে তিনি বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আক্রান্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একটা ইতিবাচক ফল এখানে আছে। সুতরাং বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব থাকবে।”

রোহিঙ্গা সংকট মোকাবিলায় এই রায়ের তাৎপর্যপূর্ণ থাকার বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “আমি যেভাবে বলেছি, প্রথমবারের মতো আইসিজে কোনো দেশকে গণহত্যার জন্য নিন্দা করল। এই বিশাল সংকট সমাধানের দিকে আমরা কীভাবে এগোতে পারি, সেক্ষেত্রে এটার গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে।”

আর প্রতিমন্ত্রী শামা বলেছেন, “আমরা আশা করব, মিয়ানমার সরকার কিছুটা হলেও তারা বুঝতে পারবে, আরাকান আর্মি বুঝতে পারবে যে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী তারা তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফেরত যেতে চায় এবং আজকের রায়কে তারা সম্মান জানাবে। সম্মান জানিয়ে তারা এই রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়াটা শুরু করবে।”

শামা ওবায়েদ বলেন, “আজকে অবশ্যই একটি ঐতিহাসিক দিন। বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের এটা ইতিবাচক খবর।

তিনি বলেন, “আজ যে রায়টা হয়েছে, সেই রায়টা অত্যন্ত পরিষ্কার। এই রায়ে বলা হয়েছে, মিয়ানমার গণহত্যা চালিয়েছে, সেটা খুবই পরিষ্কার।

“রাখাইন রাজ্যে রোহিঙ্গা গোষ্ঠীকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম তারা চালিয়েছে, সেটা এই রায়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে। শুধু এটাই নয়, আরও যে অনেক অন্যায়-অবিচার তারা করেছে, এই রায়ের ডিটেইলসে ফুটে উঠেছে।”

শামা ওবায়েদ বলেন, “আমার কাছে মনে হয়, এটাতে বাংলাদেশের অবস্থানটা আরও জোরদার করবে। বহু বছর ধরে বাংলাদেশ সরকার বলে আসছে, মিয়ানমারের সঙ্গে কথা বলে আসছে এবং আমরা যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার চেষ্টা করছি, রোহিঙ্গা সমস্যাটাকে বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছি, আমরা যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে রোহিঙ্গা নিয়ে একটি হাই-লেভেল ইভেন্ট করেছি— এই সবকিছুকে আরও জোরদার করবে আজকের এই রায়।”

আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই রায়ের ওপর ভিত্তি করে মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে যথেষ্ট চাপ আন্তর্জাতিক সম্প্রদায় চাইলে দিতে পারে, যেন আমরা যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে পারি।”

রায়কে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার কেলি এম কারি বুধবার উদ্বেগ প্রকাশ করেছেন।

ঢাকা এ বিষয়ে সজাগ কি না, এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, “অবশ্যই আমরা সজাগ। দেখুন, আমরা যদি মিয়ানমার সরকার বা রাখাইন স্টেটে আরাকান আর্মি গত ১০-১২ বছর ধরে বা বহু বছর ধরে যা তারা এই রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর করছে, যেই পরিমাণ অত্যাচার তারা করছে, যেই পরিমাণ খুনখারাবি তারা করছে, তাদের যদি বিন্দুমাত্র অনুশোচনা থাকত, তাহলে তো সেটা তাদের কাজে বোঝা যেত।

“অবশ্যই সেটা একটা শঙ্কা আছে। তবে, আমরা অবশ্যই সজাগ আছি। আমাদের যারা ওখানে ফিল্ডে আছে, যারা বর্ডারে আছে, যারা আমাদের বিভিন্ন সংস্থা, যারা এই বর্ডার ইস্যুজ প্রতিদিন দেখছেন, মোকাবিলা করছেন, তত্ত্বাবধান করছেন, তারাও সজাগ আছেন।”

গাম্বিয়াকে ধন্যবাদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই বিশাল জনগোষ্ঠীর মানবিকতার দিক বিবেচনা নিয়ে তারা মামলাটি করেছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে যে অবিচার, অত্যাচার, অনাচার এবং জেনোসাইড হয়েছে বা হচ্ছে, তার বিরুদ্ধে গাম্বিয়া দাঁড়িয়েছে।

“এবং পুরো আন্তর্জাতিক সম্প্রদায়, যারা এত বছর ধরে অর্থায়নে সহযোগিতা করছে, অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে এবং বিভিন্ন মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই।”

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

জাতীয়