বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, “এখন আপনাদের আশেপাশে, এলাকায় প্রজাপতি দেখেন? দেখেন না। গাছপালা সব কেটে ফেলাতে প্রজাপতি নেই। অথচ এই প্রজাতি বা এই ধরনের কীটপতঙ্গ আমরা দেখতে পেতাম যখন আমরা ছোট ছিলাম, অর্থাৎ এখন পুরা পরিবেশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে।
“এই পরিবেশ যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে তো মানুষ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।”
বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আজকে আলোকিত লালমনিরহাটের সকল সদস্যবৃন্দকে আমি অনুরোধ জানাব যে—আসুন, আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি, এলাকার পরিবেশ রক্ষা করি, পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি।
“আসুন, আমরা আমাদের এলাকার সাথে আমাদের দেশটাকে রক্ষা করি, দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলি।”
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর আয়োজনে এ অনুষ্ঠান হয়। সংগঠনটি এলাকায় মাদক, জুয়া, অনলাইন ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করছে।
‘আলোকিত লালমনিরহাট’-এর এ মতবিনিময় সভায় সংগঠনটির বিভিন্ন স্তরের কয়েক হাজার সদস্য অংশ নেন।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, আলোকিত লালমনিরহাটের সদস্য মহিউদ্দিন আহমেদ ডন, আবদুল্লাহ আল নিরব, নুসরাত জাহান, শাহ জামাল ও সোমা আখতার।
এ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জহিদুল ইসলাম রনি।
‘আলোকিত লালমনিরহাট’-এর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর এয়ারফিল্ডে যাওয়ার পথে কিশোর-কিশোরীরা বর্ণিল সাজে নেচে-গেয়ে তাকে বিদায় জানান। এ মনোজ্ঞ পরিবেশনা দেখে প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের অভিনন্দন জানান।
এ সময় সড়কের দুই পাশে ‘পিঠা-পুলি’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘আমার দেশ’, ‘নবান্ন উৎসব’ ইত্যাদি লেখা ব্যানার শোভা পাচ্ছিল।
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

