জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায়সংগত মূল্যায়ন চায় বাংলাদেশ
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ।
পাশাপাশি দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সম্মেলনের দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে এসব অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
গত ১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্টে অংশগ্রহণ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের এক কঠিন বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কেবল মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকাকেই ক্ষতিগ্রস্ত করে না; বরং সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলে।
তিনি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে লস অ্যান্ড ড্যামেজের বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কেবল একটি নীতিগত অঙ্গীকার নয়; বরং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব ও কার্যকর অগ্রগতি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত অঙ্গীকারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অর্থবহ ও দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
লিঙ্ক: https://www.channels.com.bd/news/national/46ee-20261119

